রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বছর শেষের আগেই পুতিনের ভারত সফর অনুষ্ঠিত হবে, যা হবে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ এক বৈঠক।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “বছরের শেষের দিকে নির্ধারিত পুতিনের ভারত সফরের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এটি হবে একটি অর্থবহ ও ফলপ্রসূ সফর।”
যদিও সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে আগামী ডিসেম্বর মাসেই সফরটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুতিন সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন। ওই সফরের কয়েক মাস পরই ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন, যা থেকেই শুরু হয় বর্তমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ।
সাম্প্রতিক সময়ে পুতিন নিজেও জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন। আলোচনায় দুই দেশের বাণিজ্য ভারসাম্য, জ্বালানি খাত এবং লেবার মোবিলিটি চুক্তি নিয়ে বিস্তারিত আলাপ হতে পারে।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, রাশিয়া ও ভারত শ্রমিক সুরক্ষা ও দক্ষ জনবল নিয়োগ সংক্রান্ত একটি ‘লেবার মোবিলিটি’ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে।
একই সঙ্গে সফরে রাশিয়া থেকে তেল আমদানি, নিষেধাজ্ঞা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হতে পারে।
এদিকে মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের জ্বালানি নীতি ‘জাতীয় স্বার্থ’-নির্ভর এবং তারা কোনো একতরফা নিষেধাজ্ঞা মানে না।
বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং রাশিয়া–ভারত জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে।