প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন: ঘুমন্ত চালক পুড়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৪০) বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস পার্ক করা ছিল। বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক জুলহাস মিয়া। হঠাৎ মুখোশ পরা তিনজন ব্যক্তি দ্রুত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি রোকনুজ্জামান) বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র তিন সেকেন্ডের মধ্যে তিনজন দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে ভেতরে থাকা চালক জুলহাস মিয়া পুড়ে মারা যান।”

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল জানান, “রাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে একজনের মরদেহ সিট থেকে উদ্ধার করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল।”

পুলিশের ধারণা, নিহত ব্যক্তি বাসটির চালক জুলহাস মিয়া, যিনি ঘুমন্ত অবস্থায় আগুনের কবলে পড়েন।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা