ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশেই ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় হওয়া এই শক্তিশালী বিস্ফোরণে বহু মানুষ আহত হন। বিস্ফোরণের পর আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে এনডিটিভি জানিয়েছে।
দিল্লি পুলিশ জানায়, লাল কেল্লার খুব কাছাকাছি তীব্র মাত্রার বিস্ফোরণ ঘটে, যাতে কয়েক ডজন মানুষ আহত হন। বিস্ফোরণের ধাক্কায় তিন থেকে চারটি গাড়ি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়—বিস্ফোরণের পর এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় এবং একাধিক গাড়ি আগুনে দাউদাউ করে জ্বলছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ধাক্কায় একটি গাড়ির দরজা ছিটকে পড়ে। অন্য গাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, উইন্ডস্ক্রিন ভেঙে যায় এবং কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানায়, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পেয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কমপক্ষে ২০টি ইউনিট কাজ করছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ফরেনসিক টিম ও প্রযুক্তি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করছেন। জনবহুল এলাকায় অবস্থিত লাল কেল্লা দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।