রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে বাসটিতে আগুন লাগার কারণ কিংবা আগুনের সময় বাসে যাত্রী ছিল কিনা—এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটির পাশ দিয়ে কয়েকজন তরুণ হাঁটছিলেন। কিছুক্ষণ পরই বাসে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিনের ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুইটি বাসে আগুনের ঘটনা ঘটে, যা জনমনে উদ্বেগ তৈরি করেছে।