প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ককটেল বিস্ফোরণের পর ঢাকায় ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার: সতর্ক অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে সতর্ক করা হয়েছে— ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সোমবার (১০ নভেম্বর) সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।
সরকার জানায়, আন্তধর্মীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে চিহ্নিত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আটক ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণের ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি ও র‍্যাব সমন্বিতভাবে শহরজুড়ে অভিযান জোরদার করেছে বলে প্রেস উইং নিশ্চিত করেছে।

সোমবার সকালে রাজধানীর চারটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাগুলোর মধ্যে রয়েছে— মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’ কার্যালয় এবং পাশের রাস্তায় দুটি বিস্ফোরণ, মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ, ধানমণ্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি বিস্ফোরণ।

পুলিশ বলছে, ঘটনাগুলো তদন্তে একাধিক টিম মাঠে কাজ করছে এবং অপরাধীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা