প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, ডলারের বিনিময় হার এবং এলসি খরচ বৃদ্ধির কারণে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।

সোমবার (১০ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই প্রস্তাব কার্যকর হলে বছরের শেষ দিকে আবারও বাড়তে পারে তেলের খুচরা মূল্য।

বিটিটিসি জানিয়েছে, চলতি বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের আমদানি খরচে ব্যাপক প্রভাব পড়ে।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেল ১ হাজার ৩৭ ডলার। ফলে দেশের বাজারে তেলের দাম পুনরায় সমন্বয়ের সুপারিশ করেছে সংস্থাটি।

সুপারিশ অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকার বদলে ১৯৮ টাকা ২৭ পয়সা, এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকার বদলে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক বছরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা