বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, যা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, “নির্বাচন বানচাল করা বা বিলম্ব করা মানেই দেশের সর্বনাশ। এখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।”
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল, মা-বোনদের ওপর চলে অমানবিক নির্যাতন। সেই ভয়াল দিনগুলোর স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব নয়। একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সহযোগিতায় এসব হত্যাকাণ্ড ঘটিয়েছিল—এখনও তারা ভিন্ন মুখোশে সক্রিয়।”
তিনি আরও বলেন, “আজও দেশকে গ্রাস করার চেষ্টা চলছে, ধর্মীয় অনুভূতি বিক্রি করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এই অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মনসুর আলী প্রমুখ।