প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ–১৯) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অফিসে এলেও দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে উপস্থিত হন। কিছু সময় পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান শনাক্ত হয় দুপুর ১২টা ৫৩ মিনিটে, রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি সহকারী পরিচালক ব্যাচের এক সহকর্মীকে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লিখেছিলেন— “এটাই হয়তো আমার শেষ চাওয়া”— যা থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক বা আর্থিক চাপে ছিলেন।

পরিবার ও সহকর্মীরা আশঙ্কা করছেন, তিনি হয়তো আত্মগোপনে গেছেন বা কোনো অঘটনের শিকার হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, “বিষয়টি নিয়ে অফিসজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন।”

নাঈম রহমানের পরিবারের সদস্যরা জানান, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন রয়েছেন। পরিবারের সবাই এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।

যদি কেউ নাঈম রহমানের অবস্থান সম্পর্কে কিছু জানেন বা দেখে থাকেন, তবে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা