প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার— প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগীরা যদি কোনো ধরনের বিক্ষোভ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কতা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা, এমনকি গণহত্যার দায়ে অভিযুক্ত নেত্রীও হয়তো ভাবছেন, এখনো ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময় চলছে।”

তিনি আরও লিখেন, “তারা যদি মনে করে, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বা সহিংসতা ঘটিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসবে, তবে ভুল করবে। এটি নতুন বাংলাদেশ— এখানে জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করা হবে না। মনে রাখতে হবে, এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি চিরদিনের জুলাই।”

প্রেস সচিবের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের এই বার্তা স্পষ্ট— কোনো ধরনের সহিংসতা বা অবৈধ আন্দোলনের চেষ্টা বরদাস্ত করা হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা