প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

“আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত ছিল, জনগণের ভাগ্য বদলায়নি”— আশরাফ উদ্দিন বকুল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্য উন্নয়নে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, চরাঞ্চলে বিবাদ সৃষ্টির পাশাপাশি বিভিন্নভাবে জনগণের ক্ষতি করা হয়েছে।

 

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, “১৭ বছরের নিপীড়ন-নির্যাতনের পর আজ আমাদের সামনে সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিন ধানের শীষকে জয়ী করার। আওয়ামী লীগের এমপিরা বহুবার নির্বাচিত হয়েও রাস্তা, উন্নয়ন বা শিল্পকারখানা কিছুই করেনি—শুধু লুটপাট করেছে।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে নেতা-কর্মীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, সিনিয়র সহ সম্পাদক কেবল সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা