প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা মোড়ের ইউনিয়ন ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

সংবাদ সম্মেলনে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ–সভাপতি তাওহিদুল ইসলাম বলেন, “গত ৩ নভেম্বর গোবিন্দপুর বাজারে কেনাকাটার সময় কিছু দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হলেও একটি মহল রাজনৈতিক ফায়দা নিতে অপপ্রচার চালাচ্ছে।”

এ সময় বক্তব্য দেন উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম এবং ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা