রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের দিকে বইছে মৃদু ঠাণ্ডা বাতাস। গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষ কিছুটা শীত অনুভব করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এরপর আবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “সারা দেশে অঞ্চলভেদে রাতের তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমেছে। ফলে ভোররাতে হালকা শীত অনুভূত হচ্ছে। আগামী দুই দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ১৯ নভেম্বরের পর আবার সারা দেশে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে ধারণা করছি।”
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩২ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজশাহীতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।