প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির মনোনয়ন জটিলতায় রণক্ষেত্র গৌরীপুর: ছাত্রদল কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ (৩০) নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবিদ ময়মনসিংহ শহরের দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন জানান, “আবিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।”

এর আগে বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ।

মনোনয়ন বঞ্চিত হিরণের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে রেল ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরদিন ইকবালের সমর্থকরা আয়োজন করেন গৌরীপুর সরকারি কলেজ মাঠে এক সমাবেশ। একই সময় হিরণের সমর্থকদের সমাবেশ ছিল মধ্যবাজার এলাকায়।

দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল এবং দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। দোকান থেকে মালামাল বের করে আগুনও দেওয়া হয়।

ইকবালের পক্ষের দাবি, নিহত আবিদ ছিলেন তাদের কর্মী, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে তিনি মারা গেছেন। তবে হিরণের পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “সংঘর্ষের সময় আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা