আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী প্রস্তুত আছে। কোনো বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই।”
এসময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে— এমন খবর পুরোপুরি সঠিক নয়। তিনি বলেন, “সেনাবাহিনী আগের মতোই দায়িত্ব পালন করছে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।”
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারিত হতে পারে।