দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের ইলিশ ঘাটে নদীর পাঙাশ মাছের দাম আকাশছোঁয়া। প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে এই জনপ্রিয় মাছ। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, এসব পাঙাশ পদ্মা-মেঘনার তাজা নদীর মাছ, তবে সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়ে গেছে।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ইলিশের পাশাপাশি বড় ও মাঝারি আকারের পাঙাশ বিক্রি হচ্ছে। সেদিন ঘাটে প্রায় ২২০ কেজি পাঙাশ ওঠে, যার প্রতিটির ওজন ৫ থেকে ১৫ কেজি।
ক্রেতারা বলছেন, একসময় গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশ এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। কুমিল্লা থেকে আসা ক্রেতা বিল্লাল ও তারেক বলেন, “নদীর পাঙাশ কিনতে এসেছিলাম, কিন্তু দাম এত বেশি যে কিনতেই পারিনি।”
আরেক ক্রেতা জুবায়ের জানান, “ইলিশের দাম বেশি দেখে পাঙাশ কেনার ভাবনা ছিল, কিন্তু এখানেও দাম আকাশছোঁয়া। এখন তো পাঙাশ খাওয়া স্বপ্ন।”
আড়ৎদার নবীর হোসেন বলেন, “আজ নদীর পাঙাশ ভালোই উঠেছে। কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছগুলোর ওজন ১০ থেকে ১৫ কেজি।”
তিনি আরও জানান, “পদ্মা-মেঘনার বড় ইলিশ এখন কেজি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, আর উপকূলীয় এলাকার ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়।”
মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, “দুই দিন আগে আমদানি কম থাকায় কেজি ১,০০০ টাকায় বিক্রি হয়েছে। এখন কিছুটা কমে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে।”
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “জাটকা মৌসুমে ছোট পাঙাশগুলো রক্ষা করা হয়েছে। এখন সেগুলো বড় হয়ে জেলেদের ভালো দাম দিচ্ছে। ভবিষ্যতেও এই প্রবণতা জেলেদের উপকারে আসবে।”