আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেব— এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে লড়ার পরিকল্পনা রয়েছে। আমার ভোটও ঢাকায় নিয়ে এসেছি যাতে ভোটের অধিকারটা অপচয় না হয়।”
তিনি আরও বলেন, “আমি ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। ২০১৮ ও ২০২৪ সালের দুটি নির্বাচনেই সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার যেন নিজে ভোট দিতে পারি, সেটাই নিশ্চিত করলাম।”
সরকারি পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি জানান, “নির্বাচনের আগে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করব। সময়টা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করব।”
ধানমণ্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করেন তিনি। ঢাকা-১০ আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইতোমধ্যেই আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য দলীয় সমর্থন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আমি এখন পর্যন্ত কারও সঙ্গে কোনো আলোচনা করিনি। স্বতন্ত্রভাবে লড়ার পরিকল্পনাই প্রাথমিক সিদ্ধান্ত, ভবিষ্যতে প্রয়োজন হলে সিদ্ধান্ত বদলাতে পারি।”