চলতি সপ্তাহের মধ্যেই বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই। সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করেছে।”
তিনি আরও জানান, “ইতিমধ্যে ২ হাজার ৮০০টি পেঁয়াজ আমদানির আবেদন জমা পড়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে দাম না কমলে এসব আবেদন অনুমোদন দেওয়া হবে।”
বাণিজ্য উপদেষ্টা হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পাওয়া ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন।
বর্তমানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছে। ক্রেতারা বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটের প্রভাবকেই এ বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে আমদানি হয়েছে মাত্র ১৩ হাজার টন পেঁয়াজ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম (২ লাখ ৪৬ হাজার টন)।
বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে। সংস্থাটির চেয়ারম্যান মইনুল খান বলেন, “কিছু মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট তৈরি করছে। দেশে যেখানে পেঁয়াজের দাম ১১৫ টাকার ওপরে, সেখানে পার্শ্ববর্তী দেশে তা ৩০ টাকার মধ্যে।”
তিনি আরও বলেন, “সীমিত পরিমাণ আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে, সিন্ডিকেট দুর্বল হবে এবং ভোক্তারা যৌক্তিক দামে পেঁয়াজ পাবেন।”
বিটিটিসির প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে দেশে প্রায় ৪৪ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হলেও সংরক্ষণ সমস্যার কারণে ১১ লাখ টনের মতো নষ্ট হয়েছে। কার্যত বাজারে এসেছে প্রায় ৩৩ লাখ টন। বাকি ঘাটতি পূরণে চার লাখ টনের বেশি পেঁয়াজ আমদানি করা হয়, যার ৯৯ শতাংশই ভারত থেকে আসে।