প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এই সরকার জনগণের দুঃখ কষ্ট বোঝেনা: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

সরকার জনগণের প্রতিনিধিত্ব হারিয়েছে, তাই তারা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বুঝতে পারে না— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকারের পেছনে জনগণ নেই। তারা কৃষকদের ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ন্যায্য মূল্যের নিশ্চয়তা এবং ফ্যামিলি কার্ড চালু করা হবে।”

তিনি আরও বলেন, “দেশে এখন যা ঘটছে, তা এক প্রকার নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। নির্বাচনের দিনই হবে প্রকৃত গণভোট।”

গণহত্যা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছিল, আর ২০২৪ সালে এই দেশের স্বৈরাচারী নেতারাই সেই হত্যাযজ্ঞ চালিয়েছে।”

নিজের শেষ নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটা আমার শেষ নির্বাচন। এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন। জামায়াতের দাঁড়িপাল্লা আর বিএনপির ধানের শীষ— দুই প্রতীকের মধ্যে জনগণকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা