‘ইকবাল ও নজরুলের দর্শনে জাগরণের দর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিবার (৯ নভেম্বর) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনের মধ্য দিয়ে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
এই সম্মেলনের মাধ্যমে দুই মহান চিন্তাবিদ—আল্লামা মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও চিন্তাধারার আলোকে জাগরণ ও জ্ঞানচর্চার নতুন দিক উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খাজা মো. একরামুদ্দিন।
অনুষ্ঠানে ১৮টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন, যেখানে মোট ১৮টি সেশনে ১৩৩টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “বিশ্ববিদ্যালয় হলো মেধা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার কেন্দ্র। এমন আন্তর্জাতিক সম্মেলন শুধু একাডেমিক বিনিময় নয়, বরং মানবিক মূল্যবোধ ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর করে।”
তিনি আরও বলেন, “জাগরণের দর্শন আজ সময়োপযোগী বিষয়। ইকবাল ও নজরুলের চিন্তাধারার মধ্য দিয়ে মানবতার কল্যাণে নতুন দিকনির্দেশনা খুঁজে পাওয়া সম্ভব।”
উপাচার্য আশা প্রকাশ করেন, এই সম্মেলনের আলোচনায় পাওয়া জ্ঞান ভবিষ্যতের নীতি ও কর্মপদ্ধতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।