ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আসছে ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। সকাল ও বিকেলে দুটি সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কোন দলের সঙ্গে কখন বসা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।”
ইসির সূত্র জানায়, একেকটি সেশনে ছয়টি করে রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন। প্রতিদিন দুটি সেশনে মোট ১২টি দলের সঙ্গে আলোচনা হবে। সংলাপের শেষদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে ইসি। চলতি মাসেই প্রাথমিক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে কমিশন। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আসন্ন নির্বাচনের নানা দিক নিয়ে মতামত নেওয়া হবে।
ইসি সূত্রে আরও জানা গেছে, জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল ও ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের প্রতিনিধিদের না ডাকার বিষয়ে ভাবছে কমিশন।