বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, “বিষয়টি শুনেছি, তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
এর আগে, গত ৯ মে বিকেলে শহরের পশ্চিম ভোগে নিজ বাড়ি থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পরবর্তীতে ২৭ মে, মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আবারও তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজকের হাইকোর্টের এই রায় অনুযায়ী, আইভী আপাতত সব পাঁচটি মামলায় জামিনে মুক্ত থাকবেন।