পাকিস্তানের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে শেহবাজ শরিফের সরকার। প্রস্তাবিত ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল অনুমোদন পেলে দেশটিতে সৃষ্টি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদ, এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা পাবেন আজীবন সাংবিধানিক সুরক্ষা।
শনিবার (৮ নভেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়। এর আগে বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায়।
বিলে প্রস্তাব করা হয়েছে, সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফকে (COAS) জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান (Chief of Defence Forces) হিসেবে ঘোষণা করা হবে। এতে সংবিধানের ২৪৩তম অনুচ্ছেদে বড় ধরনের সংশোধন আনা হবে।
এ সংশোধনী পাস হলে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ বিলুপ্ত হবে। পাশাপাশি, সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা অবসরের পরও সাংবিধানিক সুরক্ষা পাবেন—যাতে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা না যায়।
এছাড়া, সংশোধনীতে বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদ তত্ত্বাবধানকারী ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানকে সেনাপ্রধানের পরামর্শে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং তিনি অবশ্যই সেনাবাহিনীর সদস্য হবেন।
বিচার বিভাগেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। বিল অনুযায়ী, গঠন করা হবে একটি কেন্দ্রীয় সাংবিধানিক আদালত (Federal Constitutional Court), যেখানে সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতা হস্তান্তর করা হবে। পাশাপাশি উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়াতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রধানমন্ত্রীও পাবেন বিশেষ সুবিধা। দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না, এমনকি আগের মামলাগুলোও বাতিল হয়ে যাবে—যা এতদিন কেবল প্রেসিডেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।
উল্লেখ্য, ২৭তম সাংবিধানিক সংশোধনী কার্যকর করতে পার্লামেন্টের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।