দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক তিন দাবিকে গুরুত্বসহকারে বিবেচনা করে সমাধান করা সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।”
তিনি উল্লেখ করেন, শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর; তাদের প্রতি আরও সংবেদনশীল ও সহনশীল আচরণ কাম্য।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বার্ষিক পরীক্ষা সামনে—এই সময়ে শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র–ছাত্রীরা। শিক্ষার ক্ষতি কোনো জাতির পক্ষেই পূরণ করা সম্ভব নয়।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কঠোর অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে শিক্ষকদের তিন দফা দাবি সমাধান করা উচিত। দ্রুত সমঝোতা করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানোর পদক্ষেপ নিতে হবে।”