প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্থেই ভোট”—আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন বিলম্বিত করার মতো কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু রাজনৈতিক দল চাপ সৃষ্টির জন্য নানা মন্তব্য করে, যা কখনো কখনো জনমনে অযথা শঙ্কা তৈরি করে।”

বিগত ১৬–১৭ বছর সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জনগণের মধ্যে কিছু অনিশ্চয়তা থাকলেও এবার ভোট নিয়ে মানুষের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি—তাদের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “জামিন শুধু বিচারকের ওপর নির্ভর করে না; পুলিশের রিপোর্টও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ থাকলে ব্যতিক্রম হতে পারে। যোগ্য মামলায় জামিন পাওয়া স্বাভাবিক, তবে যারা জামিন নিয়ে আবারও অপরাধে জড়াতে পারে বা নিষিদ্ধ সংগঠনের হয়ে কার্যক্রম চালাতে পারে—তাদের অতিরিক্ত জামিন উদ্বেগজনক।”

বিচার ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, মামলার চাপ কমাতে একটি আদালতে একজনের জায়গায় তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের সুফল জনগণ দ্রুতই পাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা