কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্ববর্তী সমন্বয় কমিটি বাতিল করে নতুন ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবঘোষিত কমিটিতে মুকুল মিয়াকে আহ্বায়ক এবং মাসুম মিয়াকে সদস্য সচিব হিসেবে আগামী ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে তালিকা আকারে কমিটি প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। রাশেদুজ্জামান তাওহীদকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, একই পদে মোট ১০ জনের নাম আছে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা দিনার মিনহাজ। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শাহজাহান আলী সুমনসহ সাতজন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক বাবুসহ আরও চারজন।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আছেন আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনি। সদস্য হিসেবে রাখা হয়েছে ৩৮ জনকে।
নবগঠিত কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছেন। তাদের মধ্যে যুগ্ম সদস্য সচিব হয়েছেন নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসা।
কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ জানান, কমিটির পদায়নে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং পূর্বের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিবের পদে আগ্রহীদের অনলাইন আবেদন, মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়।
তিনি বলেন, পদবী নয়, যোগ্যতাই মূল বিষয়। এই কমিটি ভবিষ্যতে কুড়িগ্রামের মানুষের পাশে থেকে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।