প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়— হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে দেশের অন্যান্য ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদুদীর ইসলাম অনুসরণ করে।”

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ইসলামী ঐক্যের আহ্বান জানিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়টা অত্যন্ত কঠিন। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, অন্যদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপরও আঘাত আসছে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি।”

জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদী সম্পর্কে সমালোচনা করে হেফাজত আমির বলেন, “মওদুদীর চিন্তাধারা ইসলামের ভেতর থেকে বিভেদ সৃষ্টি করছে। তাঁর ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়ংকর, কারণ এটি ইসলামের ভেতরের একটি বিপথগামী মতবাদ।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ অন্যান্য শীর্ষ আলেমরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা