পুঁজিবাজারে শেয়ার কারসাজির ঘটনায় বেক্সিমকো লিমিটেড ও বিডি ফাইন্যান্স লিমিটেডের ২২ জন বিনিয়োগকারীর ওপর আরোপিত প্রায় ৪০০ কোটি টাকার জরিমানা বহাল রেখেছেন হাইকোর্ট।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে পূর্বের স্থগিতাদেশ খারিজ করে দেন।
দীর্ঘ ছয় মাস শুনানির পর এই রায় ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরোপিত অর্থদণ্ড বহাল থাকছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শুরুতে বেক্সিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বাজার কারসাজির অভিযোগে বিএসইসি ২২ বিনিয়োগকারীর বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার জরিমানা আরোপ করেছিল।
এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে ২২টি পৃথক রিট আবেদন করেন। শুনানির পর আদালত রুল জারি করে দণ্ডাদেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছিল।
পরে বিএসইসি আপিল বিভাগে ২২টি সিভিল পিটিশন দাখিল করলে চেম্বার আদালত মামলাগুলো হাইকোর্টের বেঞ্চে চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেয়।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার মাসুম এবং ইকরামুল হক টুটুল। অন্যদিকে, বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, শাহদীন মালিক এবং ব্যারিস্টার এ কে আজাদ।