হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’ এ তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।
বক্তব্যের শুরুতেই ফখরুল স্লোগান দেন—“হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই”—এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরাও স্লোগানে সাড়া দেন।
তিনি বলেন, “মতুয়া বহুজন সমাজের দাবিগুলো আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে পৌঁছে দেবো। এসব দাবি তখনই বাস্তবায়ন হবে, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই ধানের শীষে ভোট দিতে হবে।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে বিভাজন নয়—একতা থাকবে। একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেটি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।”
সম্মেলনে মতুয়া বহুজন সমাজ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন এবং জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।