ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও আলোচনায়। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
শাকিবের আগমন ঘিরে আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। তাঁর উপস্থিতির খবর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু তার উপস্থিতি নয়— বরং “২০ মিনিটে ৩৫ লাখ টাকা পারিশ্রমিক” নেওয়ার গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় উপস্থাপক ও আরজে গোলাম কিবরিয়া তুষার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছেন ২০ মিনিট, নিয়েছেন ৩৫ লাখ টাকা। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোট করা! কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম বা ট্যাগ দেখা যায়নি। সবাই শুধু গোঁফ আর লুক নিয়েই আলোচনা করছে।”
পোস্টটি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, “শাকিব খান তাঁর ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী পারিশ্রমিক পেয়েছেন”, আবার কেউ প্রশ্ন তুলছেন— “প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকার হিসাব কি বাস্তবসম্মত?”
অন্যদিকে, শনিবার দুপুরে শাকিব খান নিজেই তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে বনানীর ইভেন্টের কিছু ছবি শেয়ার করেন। তবে পারিশ্রমিক সংক্রান্ত গুঞ্জন বিষয়ে এখন পর্যন্ত শাকিব বা তাঁর টিমের কেউ কোনো মন্তব্য করেননি।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন পরিচালক সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।