প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জোর করে দাবি আদায় গণতন্ত্র নয়: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল জোরপূর্বক নিজেদের দাবি অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, “নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ঠিক নয়।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। বাস্তবায়নও সেই ঐকমত্যের মাধ্যমেই হতে হবে। কেউ যদি নতুন ইস্যু তোলে, তা ঐকমত্যের প্রতি অসম্মান।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। ভোটাররা সবসময় বাস্তব অবস্থার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন। তবে ঐকমত্যের ভিত্তিতে গঠিত সনদই এখন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, “কিছু পক্ষ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। নানা ঘটনা ঘটিয়ে পরিস্থিতিকে জটিল করার অপচেষ্টা চলছে কি না— তা সবাইকে ভেবে দেখতে হবে।”

গণতন্ত্র রক্ষায় ধারাবাহিক আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র মানে জনগণের কথা শোনা। বিএনপি ইতিমধ্যে ভিশন ২০৩০, ২৭ দফা সংস্কার পরিকল্পনা এবং ৩১ দফা রূপরেখা প্রকাশ করেছে, যা সরাসরি জনগণের মতামতের প্রতিফলন।”

চাকরি ও অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে আমীর খসরু জানান, “বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।” একইসঙ্গে নতুন অর্থনৈতিক মডেল চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেইস কনসাল্টিং লিমিটেডের সিইও ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান, যিনি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে চারটি বড় দুর্বলতা তুলে ধরেন— জনগণের সরাসরি মতামত না নেওয়া, পিছিয়ে থাকা অঞ্চলগুলোর জন্য বিশেষ সুবিধা না রাখা, কৃষি-শিল্প অঞ্চলে গুরুত্ব না দেওয়া, এবং প্রতিশ্রুতি রক্ষার হার কম থাকা।

তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, আগামী জাতীয় নির্বাচনে এসব দুর্বলতা কাটিয়ে বাস্তবভিত্তিক ও দায়বদ্ধ ইশতেহার উপস্থাপন করার।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা