১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় ফিরবেন তিনি— এমন তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
ফজলে এলাহী জানান, “ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আমরা আশা করছি সরকার তার নিরাপত্তায় বিশেষ সিকিউরিটি ফোর্স মোতায়েন করবে।”
তিনি আরও জানান, দেশে ফেরার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। ওই বাড়িটি এখন সংস্কার করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনি দেওয়া হয়েছে।
এছাড়া তারেক রহমানের অফিসের জন্য গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার চলছে, সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দিয়েছে। অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান বিএনপি উপদেষ্টা।
জানা গেছে, দেশে ফেরার আগে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেটি স্থগিত করে নির্বাচনের পর পালন করবেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।