দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রামে ১০৩ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ২২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে ৮১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৭৮৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৭ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও নগর কর্তৃপক্ষকে নিয়মিত ফগিং, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।