চলতি বছরে উন্মুক্ত মাঠে আর কোনো বিভাগীয় তাফসির মাহফিল আয়োজন করবেন না বলে ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি।
শনিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আজহারি জানান, গত বছর সারাদেশে আটটি বিভাগে অনুষ্ঠিত তার তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সদস্যদের পরিশ্রম প্রশংসনীয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে জাতীয় নির্বাচনকেন্দ্রিক উত্তাপ ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা চলছে। নির্বাচন সামনে রেখে ডিসেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তা রক্ষায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
“এই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে বড় আকারের কোনো উন্মুক্ত মাহফিল আয়োজন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ পড়বে,”— লিখেন ড. আজহারি।
তিনি আরও জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় ও নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে তিনি এ বছরের সব বিভাগীয় উন্মুক্ত তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন— নির্বাচনের পর স্থিতিশীল পরিবেশে আবারও তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলোতে আল্লাহর বাণী প্রচারে ফিরে আসবেন ইনশাআল্লাহ।