বিপিএলের গত মৌসুমে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবার নতুন পরিচয়ে ফিরছেন মাঠে। জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস আসন্ন বিপিএল ২০২৫ মৌসুমে অভিষেক করছেন ব্যাটিং কোচ হিসেবে।
এবারের বিপিএলে নতুন পরিচয়ে মাঠে নামছে সিলেট টাইটানস। পুরনো নাম পরিবর্তন করে নতুন লোগো, নতুন রঙে সাজছে ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যে দল গঠনের প্রাথমিক কাজ শুরু করেছে সিলেট কর্তৃপক্ষ।
দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম, ব্যাটিং কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক তারকা সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচ হবেন কিমসলি রব।
মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ ইতোমধ্যে সিলেট টাইটানসের সদস্য হিসেবে চূড়ান্ত হয়েছেন। মিরাজকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। নতুন এই টিম কম্বিনেশনে সিলেটের ভক্তদের প্রত্যাশা— এবারের মৌসুমে দেখা যাবে এক নতুন রূপের দল।
ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আসন্ন মৌসুমে তাদের লক্ষ্য তরুণ ও অভিজ্ঞতার মিশেলে এক প্রতিযোগিতামূলক দল তৈরি করা, যারা শুরু থেকেই শিরোপার লড়াইয়ে থাকবে।