সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যেখানে সব শ্রেণির মানুষ অংশ নিতে পারে।”
তিনি আরও বলেন, “মানুষ এখন সুশাসন ও স্থিতিশীলতা চায়, তবে এটি একদিনে সম্ভব নয়। অন্যান্য দেশের মতো আমাদেরও নির্বাচনের পর সংলাপ ও সংস্কার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।”
নারী ও শ্রমিক প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে মনে করেন জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সেখানে সব শ্রেণি-পেশার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।”
প্রযুক্তি ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শ্রমবাজারে বড় প্রভাব ফেলছে। পরবর্তী সরকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
রেল খাতে বিনিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব জানান, “দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।”