প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারি হাসপাতালে রক্ত নেওয়ার পর এইচআইভি আক্রান্ত ৫ শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলায় সরকারি হাসপাতালে রক্ত সঞ্চালনের পর এইচআইভি আক্রান্ত হয়েছে পাঁচ শিশু। আট বছরের কম বয়সী এসব শিশু দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, ফলে নিয়মিত রক্ত নিতে হয় তাদের। এখন সেই রক্তই হয়ে উঠেছে তাদের জীবনের ভয়ংকর বোঝা।

শনিবার (৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পশ্চিম সিংভূম জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে নেওয়া রক্তেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার।

ঘটনার পরপরই চাইবাসার সিভিল সার্জন, এইচআইভি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এক শিশুর বাবা দশরথ (ছদ্মনাম) বলেন,“সরকারের ভুলের কারণে এখন আমার ছেলেকে থ্যালাসেমিয়া আর এইচআইভি—দুই রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে। অথচ আমাদের জন্য শুধু দুই লাখ টাকার ক্ষতিপূরণ! একটি শিশুর জীবনের মূল্য কি এতটুকুই?”

আরেক অভিভাবক সুনীতা (ছদ্মনাম) জানান, সংক্রমণের খবর জানার পর হাসপাতালে নার্সরা তাদের মেয়েকে স্পর্শ করা এড়িয়ে চলছিলেন। “তখনই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। পরে জানি, ভুলবশত সংক্রমিত রক্ত দেওয়া হয়েছিল।”

জেলা প্রশাসনের তথ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ওই জেলায় ২৫৯ জন রক্তদাতা রক্ত দিয়েছেন, যাদের মধ্যে চারজন ছিলেন এইচআইভি পজিটিভ। তদন্তে জানা গেছে, রক্ত পরীক্ষার সময় পুরনো ‘প্রি-কিট’ ব্যবহারের কারণে সংক্রমণ ধরা পড়েনি।

স্বাস্থ্য বিভাগের বিশেষ সচিব ডা. নেহা অরোরা বলেন, “এখন থেকে মেয়াদোত্তীর্ণ কোনো কিট ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।”

অন্যদিকে, বিবিসি জানায়, রাজ্যের নয়টি ব্লাড ব্যাংকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হলেও সেগুলোতে কার্যক্রম চলছিল, যা নিয়ে হাইকোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারকে ব্যাখ্যা দিতে বলেছে।

মানবাধিকার কর্মী অতুল গেরা মন্তব্য করেন, “লাইসেন্স নবায়নের অভাব এবং মান নিয়ন্ত্রণের ঘাটতি এই ভয়াবহ বিপর্যয়ের কারণ। রাজ্যে পাঁচ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী, অথচ চিকিৎসা দিতে পুরো রাজ্যে আছেন মাত্র একজন হেমাটোলজিস্ট।”

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু অর্থ নয়, আবাসন, রেশন ও অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হবে। তবে শশাঙ্কের বাবা বলেন, “মন্ত্রীদের সন্তানের জন্য কোটি টাকা বরাদ্দ হয়, আর আমাদের শিশুদের জন্য দুই লাখ! একটা শিশুর জীবনের মূল্য কি এত কম?”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা