প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশেই জন্মেছে ‘অস্ট্রেলিয়ান টি ট্রি’, পাতায় মিলছে লাখ টাকার তেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশেই এখন উৎপাদন হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘টি ট্রি’ গাছের মূল্যবান তেল, যা ত্বক, চুল ও ওষুধে ব্যবহারের জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক চাহিদাসম্পন্ন। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে তরুণ প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ এই চাষে সফল হয়েছেন।

ঝাউ গাছের মতো দেখতে এই টি ট্রি গাছের পাতা থেকে উৎপাদিত তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে প্রায় ৫০ হাজার টাকায়, আর পাতার থেকে বের হওয়া হাইড্রোসল ওয়াটার বিক্রি হচ্ছে প্রতি লিটার হাজার টাকায়।

বিদেশে চাকরিরত অবস্থায় টি ট্রি চাষের ধারণা পান আরিফ। তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির পাশাপাশি পরিকল্পনা শুরু করেন তিনি। দেশে ফিরে লিজ নেন এক একর জমি, কিন্তু বিদেশ থেকে চারা আনা নিয়ে নানা বাধার সম্মুখীন হন। অবশেষে ২০২০ সালে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সামান্য বীজ এনে শুরু করেন পরীক্ষামূলক চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় এখন তার প্রকল্পে দুই হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে।

মাঠে দেখা যায়, আধুনিক যন্ত্রে পাতাগুলো থেকে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে তেল ও হাইড্রোসল ওয়াটার সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন প্রায় দেড় লিটার তেল উৎপাদন হয়, যার মান আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত।

আরিফ জানান, গড়ে একেকটি গাছ থেকে বছরে পাঁচ কেজি পাতা সংগ্রহ করা হয়। প্রতি কেজি পাতায় থেকে ১০ গ্রাম অয়েল ও ১৮–২০ লিটার হাইড্রোসল পাওয়া যায়। তিনি বলেন, “টি ট্রি অয়েল ত্বক সতেজ রাখতে, ব্রণ দূর করতে, ফাঙ্গাস ও খুশকি প্রতিরোধে অসাধারণ কাজ করে। বিদেশে এর তীব্র চাহিদা রয়েছে।”

১৫ লাখ টাকা বিনিয়োগে শুরু করা এই প্রকল্প থেকে এখন রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশেও বিক্রি শুরু হয়েছে। এ বছর প্রায় ৩০ লাখ টাকার আয় প্রত্যাশা করছেন এই উদ্যোক্তা।

কৃষি কর্মকর্তারা বলছেন, পীরগাছার মাটি টি ট্রি চাষের জন্য অত্যন্ত উপযোগী। সরকারি সহযোগিতা পেলে এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা