পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেন তিনি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছে রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে তিনি আরিফপুর কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত করেন এবং নিজ বাসভবনে কিছু সময় কাটান। বিকেলে আত্মীয়–স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সার্কিট হাউজে অবস্থান করার কথা রয়েছে তার।
সফরের দ্বিতীয় দিন রোববার সকালে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এর আগে চারবার জন্মস্থান পাবনা সফর করেন— যথাক্রমে ২০২৩ সালের ১৫ মে, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন।