প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ থেকে দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আবারও আন্দোলনে ফিরছেন। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে লাগাতার অবস্থান কর্মসূচি। চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে।

 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি) এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, প্রায় ২০ হাজার শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবিতে অবস্থান নেবেন। তিনি বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। আলোচনায় বহুবার বসেছি, কিন্তু অগ্রগতি হয়নি।”

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো—

১) দশম গ্রেডে বেতন প্রদান

২) চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা সমাধান

৩) শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

আন্দোলনে অংশ নিচ্ছে চারটি সংগঠন—

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন)

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি)

সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ

 

 

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও কর্মসূচিতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। তবে সহকারী শিক্ষকরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট।

খায়রুন নাহার লিপি বলেন, “অন্যান্য সরকারি খাতে স্নাতক ডিগ্রি থাকলেই দশম গ্রেড দেওয়া হয়। অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি সম্পন্ন করেও ১৩তম গ্রেডে আছেন।”

এদিকে, সহকারী শিক্ষকদের আরেক অংশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ১৫ নভেম্বর পর্যন্ত তিন দাবির বাস্তবায়ন না হলে ২৩–২৭ নভেম্বর কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এবং ১১ ডিসেম্বর থেকে পরীক্ষা বর্জন ও আমরণ অনশনের আল্টিমেটাম দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা