রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) শেষ বিকেলে রাজশাহী–বাঘা সড়কের শিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চারঘাট থানার ওসি মিজানুর রহমান।
নিহতরা হলেন—শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার শিমুল (৩৩), শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মারুফ (১৮)। তিনজনই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনজন একটি মোটরসাইকেলে চারঘাট থেকে বাড়ির পথে ফিরছিলেন। শিশাতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।