বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি ট্রাফিক–মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ট্রাফিক মিরপুর বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হলো। নির্দেশটি অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
এর আগে দুপুরে একটি অনুষ্ঠানের পর রিজভী গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল তার পা ধরে সালাম করেন। মুহূর্তেই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে সার্জেন্টকে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়।