অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন, “নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। অন্যথায় দেশের মানুষ তা মেনে নেবে না।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলে আমরা সমর্থন জানিয়েছিলাম। দীর্ঘ সময় কমিশনে সব দলের প্রতিনিধি মিলে আলোচনাও করেছে। কিন্তু হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন—এটি গ্রহণযোগ্য নয়।”
তার অভিযোগ, একটি রাজনৈতিক দল জোট গঠন করে নির্বাচনের আগেই গণভোট আয়োজনের চাপ দিচ্ছে, যা ব্যয়বহুল এবং নির্বাচনের গুরুত্ব কমিয়ে দেবে। তিনি বলেন, “আমরা গণভোটের বিরোধী নই, তবে তা নির্বাচনের দিনই হতে হবে। অথচ অন্তর্বর্তী সরকারই এখন এমন পরিস্থিতি তৈরি করছে, যে প্রক্রিয়া নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে পারে।”
সমাবেশে তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়বে। যুবকদের উদ্দেশে আহ্বান—যে ত্যাগ আপনারা করেছেন, নেতাকর্মীদের যে আত্মাহুতি, তার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”
সমাবেশ শেষে বিকেল ৪টা ৪ মিনিটে শুরু হওয়া র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন। র্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কাওরান বাজার সার্ক ফোয়ারায় গিয়ে শেষ হয়। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।