প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোবিপ্রবিতে হল–ইনস্টিটিউটসহ সাত স্থাপনার নতুন নাম অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) তিনটি হল, চারটি একাডেমিক প্রতিষ্ঠান এবং একটি ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রায় ১০ মাস পর রিজেন্ট বোর্ডের ৪১তম সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

 

এর আগে ২৩ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৩৬তম সভায় শিক্ষার্থীদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। রিজেন্ট বোর্ডের বৈঠকে বেশিরভাগ সুপারিশই অনুমোদন পায়, শুধু একটি প্রস্তাবে সামান্য সংশোধন আনা হয়।

 

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী—বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এখন থেকে বনলতা হল।শেখ রেহানা হল-এর নতুন নাম অপরাজিতা হল।শেখ রাসেল হল-এর নামকরণ করা হয়েছে শহীদ তিতুমীর হল

 

একই সঙ্গে চারটি প্রতিষ্ঠানের নতুন নাম হলো—

বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ → ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ

শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট → ইনস্টিটিউট অব এগ্রিকালচার

শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট → ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ → গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ

এ ছাড়া নির্মাণাধীন বঙ্গবন্ধু মুজিব ম্যুরালের নতুন নাম হিসেবে অনুমোদন পেয়েছে ‘গোবিপ্রবি ম্যুরাল কমপ্লেক্স’।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস–ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর নতুন নাম বিশ্ববিদ্যালয়ের সব নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি সরকারের প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা