প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আব্বাস আফ্রিদির ঝড়ে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

হংকং সিক্সেস টুর্নামেন্টের প্রথম দিনেই আলোচনায় উঠে এলেন পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি। কুয়েতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে টানা ছয় বলে ছক্কা মেরে মাত্র ১২ বলেই চমকপ্রদ হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তার আগ্রাসী ইনিংসে ভর করেই ৬ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় পাকিস্তান।

শুক্রবার শুরু হওয়া ছয়-জনের এই ফরম্যাটে কুয়েত ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে। দলের হয়ে মিত ভাবসার ১৪ বলে ৪১, উসমান প্যাটেল ৯ বলে ৩১ এবং বিলাল তাহির ২৪ রানে অবদান রাখেন। পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুতে কিছুটা বিপাকে পড়ে। মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং আবদুল সামাদ গোল্ডেন ডাকের শিকার হন। এতে ম্যাচে চাপ তৈরি হলেও অধিনায়ক আব্বাস পরিস্থিতি বদলে দেন দুর্দান্ত ব্যাটিংয়ে। ১ চার ও ৮ ছক্কায় গড়া তার ৫৫ রানের বিধ্বংসী ইনিংস পাকিস্তানকে জয়ের পথে ঠেলে দেয়।

জয়ের বাকি কাজ সারেন খাজা নাফে (১১ বলে ২৫) ও শহিদ আজিজ (৫ বলে ২৩)। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে অবশেষে ৪ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান দল।

একই দিনের অল্প ব্যবধানেই পাকিস্তান মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে।

হেঅমা

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা