জুলাই সনদের প্রক্রিয়ায় ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের কোনো আলাদা মতামত যুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষ্যে, সনদে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, জনগণই সেটির চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাংলা একাডেমির কবি শামসুল হক সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন,“আমরা গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে এগোচ্ছি। জনগণের সম্মতিকে ভিত্তি করেই জুলাই সনদ দ্রুত আইনি কাঠামো পাবে, এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদে গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত। সেই সংসদ থেকেই সংস্কার পরিষদ গঠিত হবে, যা নতুন সংবিধানের ভিত্তি নির্মাণে কাজ করবে।
তার মতে, শিক্ষক, তরুণ, নারী, আলেম, সংখ্যালঘু এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করেই জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব। এর আগে গণভোট আয়োজন জরুরি, আর সেই প্রক্রিয়ার অর্ডার ড. মোহাম্মদ ইউনুসকে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইউটিএফের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে ছিলেন অধ্যাপক শামীম হামিদী।