জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শুভ বলেন, “৩১ দফা দাবির পক্ষে আমরা মাঠে আছি, হামলা বা বাধা আমাদের থামাতে পারেনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষে থেকে কাজ করব।”
তিনি আরও বলেন, “গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণের পছন্দের প্রার্থী সম্পর্কে সঠিক তথ্য দিন। আমি বিশ্বাস করি, দল আমাকে শেষ পর্যন্ত মনোনয়ন দেবে।”
বর্তমানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।