প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

পরিবহন ও বাণিজ্যে গতি আনতে জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক ও দক্ষ করার লক্ষ্যে সরকার ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম সভায় নীতিমালাটি অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই নীতিমালা দেশের লজিস্টিক খাতকে আধুনিক দিকনির্দেশনা দেবে, যার ফলে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরে রপ্তানি কার্যক্রমে ১১ দিন পর্যন্ত সময় লাগে। নীতিটি বাস্তবায়িত হলে পণ্য পরিবহন দ্রুততর হবে এবং রপ্তানি প্রক্রিয়া সহজ হবে।

নীতিমালায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি মডেল) বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে এবং ডিজিটাল ইকোসিস্টেমে লজিস্টিক খাতকে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া ২০৫০ সালের মধ্যে রেলওয়ে ও নৌপরিবহন খাতকে অগ্রাধিকার দিয়ে প্রায় ৩ হাজার কিলোমিটার নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের পরিকল্পনাও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা