আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় দিয়ে ২ হাজার টাকা রাখা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। এরপর ১৫ নভেম্বর প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ করা হবে।
এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন—
সরাসরি কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে পূরণ ও জমা দিয়ে, অথবা মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।