যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদের ভাই, কোম্পানির সিইও কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আল আমিনের দাখিল করা আবেদনে বলা হয়, কাজী আনিস আহমেদ সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮০ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৪৯.৪৩ একর জমি ও গুলশানের একটি প্লট, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ২০ লাখ টাকার বেশি।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি বিও হিসাবের ৮৪ কোটি টাকারও বেশি অর্থ এবং ২০টি ব্যাংক হিসাবের প্রায় ২২ কোটি টাকা।
দুদকের মতে, কাজী আনিস আহমেদ তার নিজের ও প্রতিষ্ঠানের নামে অস্বাভাবিক লেনদেন ও অর্থ স্থানান্তর করেছেন, যা মানি লন্ডারিংয়ের শামিল হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।