প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ফ্যাসিবাদের দোসর ছিলেন— প্রেস সচিব 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘যে সাংবাদিকরা মব বা জনরোষের ভয়ে কাজ করতে ভয় পান, তারা অতীতে ফ্যাসিবাদের দোসর ছিলেন।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করছে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আওয়ামী লীগের সময় সাংবাদিকদের ওপর ভয়াবহ দমননীতি চালানো হতো—গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির মতো পরিস্থিতি তখন নিত্যদিনের ঘটনা ছিল। এখন সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি।”

তিনি আরও বলেন, গত ১৫ মাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করেছে, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে সেটি টিকবে কি না, তা নিয়ে শঙ্কা আছে।

প্রেস সচিবের মতে, দেশে এখন ভুয়া তথ্য ও গুজব সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। “সম্প্রতি সেন্টমার্টিন দখল বা মাইলোস্টিন নিয়ে হাজারো ভুয়া খবর ছড়ানো হয়েছে। আমাদের সক্ষমতা সীমিত—সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এইসব মিথ্যা তথ্য মোকাবিলায় প্রয়োজন আধুনিক টুলস ও ব্যবস্থা।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ফেক নিউজ রোধ করা ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি এটি আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা